আলী রেজা রাজু, সাভার (ঢাকা)
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:১৭ পিএম
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের এসআই মো. সাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ভারতীয় তৈরি ১০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম কামরুজ্জামান (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জের এরফান আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার কামরুজ্জামান একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে মাদকসহ ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর