আল-আমিন, নীলফামারী
মার্চ ৩, ২০২৬, ০৪:৩২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে 'বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য' বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এই সভার আয়োজন করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নীলফামারী জেলা ক্যাব সভাপতি সাংবাদিক আল- আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। এছাড়া সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কোনো প্রকার খাদ্য ভেজাল এবং সিন্ডিকেট কারবারিকে ছাড় দেওয়া হবে না। যারা জনভোগান্তি তৈরি করবে বা অসাধু ব্যবসায় লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। জেলাজুড়ে কোথাও ভেজাল পণ্য বা সিন্ডিকেটের তথ্য থাকলে তা তাৎক্ষণিক প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। এটি কার্যকর করতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে প্রতিনিয়ত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ী-উভয় পক্ষকেই সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জেএইচআর