আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মার্চ ৩, ২০২৬, ০৭:৫৬ পিএম
ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের রোগীসেবার মান, চিকিৎসা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
হাসপাতালে পৌঁছে এমপি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের শারীরিক অবস্থা ও প্রাপ্ত চিকিৎসা-সেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় রোগীদের স্বজনদের সঙ্গেও কথা বলে হাসপাতালের সেবার মান নিয়ে তাঁদের মতামত শোনেন তিনি।
পরিদর্শন শেষে এমপি আবু ওয়াহাব আকন্দ বলেন, "স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। প্রত্যেক রোগী যেন যথাযথ, সময়োপযোগী ও মানবিক চিকিৎসা পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।" চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে এবং এই উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে এমপিকে অবহিত করেন। এমপি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ সন্তোষজনক হলেও কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলে তিনি জানান। জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে সেবার মান আরও বৃদ্ধি করতে এবং চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন তিনি।
জেএইচআর