রায়হান জামান, কিশোরগঞ্জ
মার্চ ১২, ২০২৬, ০৩:১১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।
সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে চাল নিতে ভিড় জমান বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার নিম্ন আয়ের মানুষগুলো।
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান সুরুজ জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নিয়েছে।
তারই অংশ হিসেবে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৫ হাজার ৪৬০টি অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম যেন না হয় এবং ওজনে যাতে কম না দেওয়া হয়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সতর্ক অবস্থানে রয়েছে।
চাল বিতরণকালে তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসিরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব সালাউদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেএইচআর