রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
মার্চ ২০, ২০২৬, ০৪:৫৩ পিএম
সরকারি ঘোষণা অনুযায়ী দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার আজ শুক্রবারই ঈদ উদযাপন করেছে।
শুক্রবার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। নামাজে শশীনাড়া গ্রামের ৪০টি পরিবারের সদস্য ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়রা জানান, দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গ্রামের ওই ৪০টি পরিবার আজ ঈদ পালন করলেও অবশিষ্ট বাসিন্দারা সারা দেশের সাথে মিল রেখে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন।
জেএইচআর