আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মার্চ ২৩, ২০২৬, ০১:০৫ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নং গাংগাইল ইউনিয়নের পংকরহাটি (ধনারামা) গ্রামে ধনারামা তরুণ সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সিরাত কুইজ প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩টা থেকে স্থানীয় মাদ্রাসা মাঠে শুরু হয়ে রাত পর্যন্ত এ আয়োজন চলে। অনুষ্ঠানে ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সাইফ সিরাজ (কবি ও গবেষক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবুতাহের সাগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের চেয়ারম্যান এনামুল হক বাবুল, বইপড়া আন্দোলনের মুখপাত্র ফাইজুল ইসলাম, বিএনপি নেতা বাহাউদ্দীন আকন্দ এবং ইউপি সদস্য গোলাপ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ওমর ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় ধনারামা তরুণ সমাজের প্রতিনিধি হাফেজ নাঈম আহমদ সজীব বলেন, “এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গজল, হামদ ও নাত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক, নৈতিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে এতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এএন