সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মার্চ ২৬, ২০২৬, ১২:২১ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলা পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন জেলা থেকে আসা পুণ্যার্থীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ব্রহ্মপুত্রের তীরে আগত সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে রাত্রিযাপন করে সকালে স্নান ও পূজা সম্পন্ন করতে পারবেন। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার খবর জানেন। তাঁর নির্দেশেই জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। চিলমারী ও জেলা বিএনপি সব সময় আপনাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পাপমোচন ও পুণ্য অর্জনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নান করতে লাখো পুণ্যার্থীর ঢল নামে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই স্নানোৎসব উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে পরিচিত।
পরিদর্শনকালে জেলা ও চিলমারী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর