মিরাজ আহমেদ, মাগুরা
মার্চ ২৬, ২০২৬, ০৪:২৪ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাগুরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কর্মসূচির নেতৃত্ব দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।
মাগুরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে নোমানী ময়দানে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ভায়না মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় মাগুরা স্টেডিয়ামে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন এমপি মনোয়ার হোসেন খান।
সকাল ১১টায় ভায়না মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোয়ার হোসেন খান বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় চেতনার উৎস। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে জনগণের পাশে থাকতে হবে এবং দেশকে একটি গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে হবে।”
দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে শ্রীপুর ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা বিএনপি, সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তরুণ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচিগুলো জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার একটি প্রতীক। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এএন