মিরাজ আহমেদ, মাগুরা
মার্চ ২৮, ২০২৬, ০৬:৪৮ পিএম
মধুমতী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মহম্মদপুর থানার অভিযানে বীরেন ঘাট এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই (নি:) গাজী ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ খলিল ফকির (৬০), মোঃ ইয়াসিন শেখ (২৫) ও মোঃ ইয়াসিন হাওলাদার (৪৫)। তাদের থানায় রাখা হয়েছে এবং জব্দকৃত বলগেটটি পুলিশের হেফাজতে রয়েছে।
অভিযান প্রসঙ্গে ওসি মোঃ আশরাফুজ্জামান বলেন, “নদীতে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ আরও জানায়, নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তাই এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জেলে ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ক্ষয় বেড়েছে। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে তারা মনে করছেন। মহম্মদপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ রোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
এএন