মো. মহসিন তালুকদার, মাদারীপুর
এপ্রিল ৯, ২০২৬, ১১:১৬ এএম
মাদারীপুর সদর উপজেলায় সরকারি টিফিন হিসেবে দেওয়া খাবার খেয়ে অন্তত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় তাদের মাঝে পাউরুটি ও ডিম বিতরণ করা হয়েছিল। এই খাবার গ্রহণের কিছুক্ষণ পরই অনেক শিক্ষার্থীর পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে বিভিন্ন এলাকায় প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন চৌধুরী বলেন, "আমাদের স্কুলের ৬ জন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থীরা জানিয়েছে, রুটি খাওয়ার পর থেকেই তাদের সমস্যা শুরু হয়। তবে বর্তমানে তারা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।"
মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিকেল পর্যন্ত আমরা ৫-৬টি বিদ্যালয়ের তথ্য পেয়েছি। ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়েই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। বর্তমানে ৬ জন শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।"
তিনি আরও বলেন, "খাবার সরবরাহকারী ডিলারদের এর আগেও মানসম্মত খাবারের বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এএন