পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬, ০৩:০৮ পিএম
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আঃ মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। ইউএনও রুপম দাস বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও বেশি মনোযোগী হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় ২০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করেছে। দুই দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। বৈজ্ঞানিক চিন্তাধারা ও সৃজনশীলতার এই প্রদর্শনী দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন স্থানীয় দর্শনার্থীরা।
জেএইচআর