পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬, ০৪:২১ পিএম
বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি ১১ এপ্রিল, শনিবার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান, যেখানে শিক্ষা হবে গরিববান্ধব এবং দেশপ্রেমিক জাতি গঠনে সহায়ক।
তিনি আরও উল্লেখ করেন, “মেরুদণ্ড সোজা না থাকলে যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষায় শিক্ষিত না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”
সাবেক শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আর নকলবাজি চলবে না। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। এখন থেকেই সঠিক প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এনামুল হক এনামের হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা। প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (পটিয়া) নোমান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, মোজাম্মেল হক, জাহেদুল হক, গাজী আবু তাহের, তৌহিদুল ইসলাম, মঈনুল আলম ছোটন ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
জেএইচআর