শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৪৪ পিএম
বগুড়ার শাজাহানপুরের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই শিশু সন্তান নাটোরের সিংড়ায় নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে।
শুক্রবারদুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো- তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা দীর্ঘ চার-পাঁচ বছর ধরে মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় দুই ভাই পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুকুরে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই অকাল মৃত্যু নিয়ে নিহত শিশুদের বাবার পরিবার সংশয় প্রকাশ করেছেন। তাঁদের দাবি, তামিম ও ফাহিম একেবারে অবুঝ শিশু ছিল না। এই রহস্যজনক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা। প্রবাসে থাকা বাবার দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর