রায়হান জামান, কিশোরগঞ্জ
জুন ২৯, ২০২৬, ০৮:৪২ পিএম
'শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভায় বক্তারা বলেন, শিশুশ্রম কেবল একটি শিশুর কোমল হাতে নয়, তার স্বপ্ন ও সুন্দর শৈশবেও আঘাত হানে। শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন জোরদার করে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি শিশুকে শ্রম থেকে ফিরিয়ে আনার পর নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে। তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগে ঝুঁকিপূর্ণ পরিবারের কর্মক্ষম সদস্যদের প্রশিক্ষণ প্রদান, আইন প্রয়োগের পাশাপাশি আত্মকর্মসংস্থানভিত্তিক ঋণ সহায়তার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, মেডিকেল অফিসার ডা. মিনহাজুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর