স্পোর্টস ডেস্ক
জুন ২৯, ২০২৬, ১০:০১ পিএম
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে জাপান শিবির।
হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো।
সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের মোকাবিলা করবে জাপান।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন কুবোর অনুপস্থিতির বিষয়টি। মোরিয়াসু বলেন, "সে এখনো একা একা দৌড়াচ্ছে এবং ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক।"
‘জাপানের মেসি’ খ্যাত কুবো গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান। এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও তিনি বিশ্রামে ছিলেন।
বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই তারকাকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
কুবো না থাকলেও দলের অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন কোচ মোরিয়াসু। তিনি উল্লেখ করেন, "ব্রাজিল সবসময়ই বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের জেতার সম্ভাবনাই বেশি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি।"
গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে এই ব্রাজিলকেই ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই ম্যাচে জয়সূচক গোল করা স্ট্রাইকার আয়াসে উয়েদাই এবার দলের অন্যতম ভরসা। গ্রুপ পর্বে উয়েদা ও দাইচি কামাদা দলের হয়ে দুটি করে গোল করেছেন।
অন্যদিকে শক্তির বিচারে বেশ এগিয়ে আছে সেলেসাওরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা নকআউটে এসেছে। দলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ৪টি এবং ম্যাথিউস কুনহা ৩টি গোল করে দারুণ ছন্দে রয়েছেন।
ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে নেইমারের ফেরা। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলেছেন তিনি। তবে আজ শুরু থেকে তাঁকে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়।
দলের পারফরম্যান্স নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমরা নিখুঁত নই, বিশেষ করে বল পায়ে আমাদের গতি আরও বাড়াতে হবে। তবে প্রথম ম্যাচের তুলনায় দল অনেক উন্নতি করেছে।
জাপান টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠলেও কখনো শেষ ষোলো পার হতে পারেনি। এবার রেকর্ড ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিলের বিপক্ষে ইতিহাস বদলানোর বড় চ্যালেঞ্জ সামুরাই ব্লুদের সামনে।
জেএইচআর