উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬, ০২:০২ পিএম
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে “জনসেবা ডায়াগনস্টিক সেন্টার”-এ এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি ওই সময় বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে সেন্টারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা আশপাশের লোকজনকে জানান। পরে মালিকপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালান।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডায়াগনস্টিক সেন্টারটি মো. বজলুর রহমান, মো. হোসেন ও জাকির হোসেনের যৌথ মালিকানাধীন। আগুনে ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএন