টাঙ্গাইল প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬, ০৫:২৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পুনরায় একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল এক সময় সংস্কৃতি ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল। ভৌগোলিকভাবে ঢাকার কাছাকাছি হওয়ায় এই জেলার গুরুত্ব অনেক। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানো হবে। স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে টাঙ্গাইলকে একটি আদর্শ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আধুনিক টাঙ্গাইল গড়ার লক্ষ্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা এই জেলাকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজমুক্ত রাখতে চাই। বিগত সময়ে এই শহরকে সন্ত্রাসের নগরী হিসেবে পরিচিত করা হয়েছিল। সেই অপবাদ থেকে বের হয়ে আসতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় না পায়, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সত্তরের দশকের বিশিষ্ট কবি মাহমুদ কামালের সভাপতিত্বে আয়োজিত এই কবিতা উৎসবের উদ্বোধন করেন ষাটের দশকের বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান ও কবি বাদলসহ জেলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন।
জেএইচআর