রাকিবুল হাসান, রাজশাহী
এপ্রিল ২৬, ২০২৬, ০৫:২০ পিএম
দেশের ৬১টি জেলায় সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে। তবে পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি জেলায় এখনো এ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।
রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি জানান, দেশের অধিকাংশ জেলাতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেড় মাস বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী ব্যক্তির মধ্যেও এ রোগ শনাক্ত হচ্ছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুহার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ পর্যন্ত হতে পারে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। তবে রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হটস্পট এলাকায় ৫ এপ্রিল থেকেই টিকাদান কার্যক্রম চালু করা হয়। সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধির কারণে ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
তবে পাঁচ বছরের নিচে প্রায় ৫ থেকে ৬ শতাংশ শিশু এখনও টিকার বাইরে রয়েছে। বিশেষ করে প্রান্তিক ও কর্মজীবী অভিভাবকদের সন্তানদের মধ্যে এ হার বেশি বলে সভায় উল্লেখ করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, চিহ্নিত সমস্যাগুলো ইতোমধ্যে জেলা প্রশাসকদের জানানো হয়েছে এবং সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। টিকার বাইরে থাকা শিশুদের শনাক্ত করে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে দ্রুত টিকাদান নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সমাজসেবা দপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান এবং সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএন