মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
এপ্রিল ৩০, ২০২৬, ০৬:১২ পিএম
ফেনীতে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ড্রেন নির্মাণ কাজ।
বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজ শুরু করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, এলজিইডির মাধ্যমে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ ও বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য প্রায় ২৮ কোটি টাকার একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) গত বছরের ২৭ অক্টোবর এর কার্যাদেশ পেলেও গত পাঁচ মাসে নানা বাধায় কাজ শুরু করতে পারেনি।
চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সময়ে মালামাল সংরক্ষণাগারে হামলা, স্কেভেটর ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬ এপ্রিল ফেনী মডেল থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।
পৌর প্রশাসক রোমেন শর্মা জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর আগামী ৬ বছরে ফেনী ক্লাস্টারে প্রায় ৬০০ থেকে ১০০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নির্ভর করছে।
তিনি আরও জানান, বিএনপি ও জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আধুনিক মানের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর