ঝালকাঠি প্রতিনিধি
মে ৩, ২০২৬, ০৫:০৯ পিএম
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি ড্রেন থেকে একটি মৃত মানবভ্রূণ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, সকালে জরুরি বিভাগের অ্যাম্বুলেন্স গ্যারেজ সংলগ্ন ড্রেনের ওপর একটি ভ্রূণ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙখলা বাহিনীকে অবহিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ভ্রূণটি পূর্ণাঙ্গ ছিল না। ধারণা করা হচ্ছে, ভ্রূণটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ মাস হতে পারে। কে বা কারা এটি সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভ্রূণের পরিচয় শনাক্ত এবং এ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর