রাকিবুল হাসান, রাজশাহী
মে ৬, ২০২৬, ০৯:২৯ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত ১১২তম সিন্ডিকেট সভায় দীর্ঘ দিন ধরে মাস্টাররোলে কর্মরত ২৭ জন কর্মচারীকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিন্ডিকেটে অন্তর্ভুক্ত নতুন সদস্যগণকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য।
সিন্ডিকেট সভার অন্যতম প্রধান সিদ্ধান্ত হিসেবে মাস্টাররোলে কর্মরত ২৭ জন কর্মচারীকে যথাযথ নিয়ম অনুসরণ করে চাকরিতে নিয়মিতকরণের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মচারীরা দীর্ঘ দিন ধরে রুয়েটের বিভিন্ন বিভাগে অস্থায়ী বা মাস্টাররোল ভিত্তিতে নিরলসভাবে কাজ করে আসছিলেন। তাঁদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্তৃপক্ষ চাকরিতে স্থায়ীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারী ও তাঁদের পরিবার। নিয়মিতকরণের ফলে রুয়েটের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর