জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)
মে ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব শুধু সুশিক্ষিত মানুষের। দেশ ও জাতির প্রকৃত উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষাঙ্গনে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই রাষ্ট্র থেকে গ্রাম সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার দুপুরে সাপাহার সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য। সেখানে সাপাহার জবই বিলের ১৫ জন মৎস্যজীবী এবং ৫ জন অসহায় বিধবা নারীর মাঝে মোট ২০টি বকনা গরু বিতরণ করা হয়।
বিতরণকালে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে, যার অংশ হিসেবে আজ এই গবাদি পশু সহায়তা প্রদান করা হলো।
জেএইচআর