আমার সংবাদ ডেস্ক
মে ৯, ২০২৬, ০২:০৬ পিএম
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় ও জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার বৈষম্যমূলক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বণ্টনেও সরকার আঞ্চলিক পক্ষপাতিত্ব করছে।
তার দাবি, বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি।
শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, গণভোটে জনগণের অবস্থান থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বণ্টনেও আঞ্চলিক পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এক জায়গায় একাধিক বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও অন্যান্য অঞ্চল বঞ্চিত হচ্ছে। তার মতে, উন্নয়ন সবার জন্য সমানভাবে হওয়া উচিত, কোনো দলীয় বা আঞ্চলিক বিবেচনায় নয়।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গণমাধ্যম প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি, কিন্তু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের ওপর চাপ ও হয়রানির অভিযোগ উঠছে।
বিমানবন্দরে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান। পরে তাঁরা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।
এএন