চাঁদপুর প্রতিনিধি
মে ৯, ২০২৬, ০৯:১১ পিএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজন অসাধু ব্যবসায়ীকে মোট ৭৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দশানী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ এবং ৪ জনকে আটক করা হয়।
পরবর্তীতে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) রহমত উল্যাহর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানার টাকা পরিশোধের পর জব্দকৃত জ্বালানি তেল তাদের নিকট ফেরত প্রদান করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের দমনে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের নজরদারি ভবিষ্যতেও কঠোরভাবে পরিচালনা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জেএইচআর