আল-আমিন, নীলফামারী
মে ১১, ২০২৬, ১০:৫১ এএম
নীলফামারীতে জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় কাবাডিতে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সদর এবং বালিকা বিভাগে নীলফামারী পৌরসভা। ক্রিকেটে বালক বিভাগে চ্যাম্পিয়ন সৈয়দপুর উপজেলা এবং বালিকা বিভাগে নীলফামারী পৌরসভা। ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে নীলফামারী সদর উপজেলা। দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নীলফামারী পৌরসভার আবিদ আরাফাত এবং বালিকা বিভাগে ফাতিহা ইসলাম সুবহা। বিজয়ী প্রত্যেককে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে এবং তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে আনতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, নীলফামারীর বিজয়ীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে এই প্রতিযোগিতা সারা দেশে একযোগে আয়োজন করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট- এই আট ইভেন্টে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা পর্যায়ের চ্যাম্পিয়নরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। উল্লেখ্য, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানে গত ২ মে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়।
এএন