বি.এম খোরশেদ, মানিকগঞ্জ
মে ১৩, ২০২৬, ০৩:৪২ পিএম
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত চিত্র, নির্বাচনী ইশতেহারের বর্তমান অগ্রগতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসক সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের মাধ্যমে সরকারের গৃহীত পদক্ষেপ ও সেবাসমূহ সাংবাদিকদের অবহিত করেন।
এছাড়াও মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ ও উপদেষ্টা মনিরুল ইসলাম মিহিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্যমাত্রা অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা ও তদারকি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেএইচআর