ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হুইপ বকুল 

তরুণদের হাতে মাদক নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

মে ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম

তরুণদের হাতে মাদক নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই

খুলনার তরুণদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের কথা তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এ দেশের তরুণ সমাজ। তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে যুবকরা সুশিক্ষিত, মানবিক গুণসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ হবে এবং মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় ওড়াবে।

শনিবার সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হুইপ বকুল তাঁর বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের এই আয়োজন কোনো সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি মাদক ও হতাশার বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক আন্দোলন। বর্তমান সময়ে যখন নানা অপশক্তি যুবসমাজকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তখন খেলাধুলাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার গলি থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে।

এ সময় তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আমরা খুলনার প্রতিটি তরুণের হাতে মাদকের মরণবিষ নয়, স্বপ্নের বিজয় পতাকা দেখতে চাই। তরুণদের চোখে আমরা হতাশা নয়, আগামীর আলোকিত বাংলাদেশের সম্ভাবনা দেখতে চাই।

হুইপ আরও বলেন, খুলনা বিভাগীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে তরুণদের জন্য প্রতিটি উপজেলায় খেলার মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি সকল অভিভাবক ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের মাঠমুখী করি, যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দৃষ্টিনন্দন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এই ক্রীড়া অন্বেষণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে রক্ষায় মাঠপর্যায়ের প্রশাসনিক উদ্যোগের কথা তুলে ধরেন।

মো. আব্দুল্লাহ হারুন তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে কেবল আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, বরং তাদের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের সঠিক পথে পরিচালনায় একটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে খুলনাসহ পুরো বিভাগকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার ওপর জোর দেন।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা হাজারো উদীয়মান ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও ক্রীড়ামোদী তরুণের উপস্থিতিতে পুরো সোনাডাঙ্গা কমপ্লেক্স এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। বর্ণিল বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সংক্ষিপ্ত ক্রীড়া প্রদর্শনীর পর অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত সবাই মাদক ও বৈষম্যহীন একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে তরুণ ক্রীড়াবিদরা সমাজ থেকে মাদক, বৈষম্য এবং হিংসা-বিদ্বেষকে চিরতরে ‘না’ বলার শপথ নেন।

এএন

Link copied!