কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৬, ০২:২২ পিএম
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাস, মাদক ও জুয়া নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা এবং চুরি-ছিনতাইসহ ছোটখাটো অপরাধ দমনে নিয়মিত নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, উপজেলার প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেএইচআর