আমার সংবাদ ডেস্ক
মে ২৪, ২০২৬, ১১:২৫ এএম
মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার ভোর থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে থাকে এবং প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে তা ছড়িয়ে পড়ে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জানা যায়, মহাসড়কের কুমিল্লাগামী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ যানজট তৈরি হয়। ফলে বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।
চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া ট্রাকচালক শামীম মিয়া জানান, তিনি জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছেন তিনি এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় আছেন। তার ধারণা, দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বাসচালক শহিদ মিয়া বলেন, তিনি বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে আটকে পড়েছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।
এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, এই মহাসড়কে প্রায়ই এমন যানজটের পরিস্থিতি তৈরি হয়, যার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এম জি