আমার সংবাদ ডেস্ক
মে ২৬, ২০২৬, ১২:২৫ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান ও দর্শন অনুসরণ করলে দেশের আদর্শ নাগরিক হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নজরুল ছিলেন সাম্য, বিদ্রোহ ও প্রেমের এক অনন্য প্রতীক।
সোমবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নজরুল মেহনতি মানুষের ভেতর থেকে উঠে এসেছিলেন এবং তাদের ভাষা ও অনুভূতি তার কবিতা ও গানে তুলে ধরেছেন। তিনি শুধু কবিই নন, ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। চলচ্চিত্র নির্মাণ, গল্প লেখা, গান রচনা ও সুরারোপ-সবক্ষেত্রেই ছিল তার বিচরণ।
তিনি আরও বলেন, তরুণ বয়সে অসুস্থ না হলে নজরুল জাতিকে আরও অনেক মূল্যবান সৃষ্টি উপহার দিতে পারতেন। তার জীবন ও কর্ম আজও মানুষকে অনুপ্রেরণা জোগায়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নজরুলকে যেভাবে বোঝা ও বিশ্লেষণ করা দরকার ছিল, তা এখনো পুরোপুরি হয়নি। কখনো তিনি সাম্যের কবি, কখনো বিদ্রোহী, আবার কখনো প্রেমের কবি হিসেবে ধরা দেন। এই বহুমাত্রিক দর্শন উপলব্ধি করতে পারলে সমাজের নানা সংকট থেকে উত্তরণ সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম জি