টাঙ্গাইল প্রতিনিধি
মে ২৬, ২০২৬, ০৮:২২ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের দুই দিন পর তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাঁর বাড়ির পাশের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তোফাজ্জল হোসেন সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে ছাগলের ভুসি কেনার কথা বলে বাড়ি থেকে বের হন তোফাজ্জল। সারারাত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সোমবার সকালে তোফাজ্জলের ব্যবসায়িক অংশীদার ফারুক হোসেন তাঁর বাড়িতে গিয়ে জানান, স্থানীয় একটি পুকুরপাড়ে তোফাজ্জলের লাইট, মোবাইল, ভুসি ও রক্ত পড়ে আছে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনভর সরাগী গ্রামের তিনটি পুকুরসহ আশপাশের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাঁর কোনো হদিস পায়নি। আজ মঙ্গলবার বিকেলে সরাগী বিলে তোফাজ্জলের বস্তাবন্দী লাশ ভেসে ওঠে।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশের বাম চোখ, কপালের বাম পাশ এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচআর