গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
জুন ৫, ২০২৬, ০৯:২১ পিএম
নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীনগর এলাকায় আজগর হাজির ধানের চাতাল সংলগ্ন গোমানি নদীর ঘাট থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নাটোর জেলার সিংড়া উপজেলার শান্তনগর গ্রামের মৃত চান্দুলা প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান (৮০)। শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে তিনি আত্রাই নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে আত্রাই নদীর স্রোতে ভেসে তার মরদেহ গোমানি নদীতে এসে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৪টার দিকে আজগর হাজির চাতালের শ্রমিকরা গোমানি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরবর্তীতে সিংড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এরপর নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর মরদেহটি গোমানি নদীতে ভেসে আসে। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি