তৌহিদুর রহমান তুহিন (গাইবান্ধা) ও ইয়ামিন হাসান (সাঘাটা)
জুন ৮, ২০২৬, ০৩:২৬ পিএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী নৌ-ঘাটে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন দুই সরকারি কর্মকর্তা। নৌকায় ওঠাকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মোবারক হোসেন (৪৩) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। হামলায় আহত অপর ব্যক্তি আবুল কাশেম (৫৪) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রথম শ্রেণির ড্রাইভার পদে কর্মরত।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আত্মীয়ের জানাজা শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে মোবারক হোসেন বালাসী ঘাটে যান। সেখানে একটি নৌকায় ওঠার পর কয়েকজন ব্যক্তি তাকে ওই নৌকা থেকে নেমে অন্য একটি নৌকা ভাড়া নেওয়ার জন্য চাপ দেন। এ বিষয়ে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, দেলোয়ার হোসেন দেলো, মনির হোসেন ও আজাদুল মিয়া নামে তিন ব্যক্তি মোবারক হোসেনকে মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরেক কর্মকর্তা আবুল কাশেমকেও মারধর করা হয়। ধাক্কা দিয়ে ঘাটে ফেলে দেওয়ায় মোবারক হোসেনের হাঁটুতে আঘাত লাগে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান।
এ বিষয়ে মোবারক হোসেন বলেন, “আমি কর্মস্থলে যাওয়ার জন্য ঘাটে গিয়েছিলাম। একটি নৌকায় ওঠার পর আমাকে অন্য নৌকা ভাড়া করতে বলা হয়। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। আমার পরিচয় দেওয়ার পরও হামলা থামেনি।”
স্থানীয়দের দাবি, বালাসী ঘাটে নৌকা পরিচালনা ও যাত্রী পারাপার নিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আধিপত্যের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এ ঘটনা ঘাট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে ঘাট সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলছড়ি থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এএন