হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
জুন ৮, ২০২৬, ০৭:৩৯ পিএম
সন্তানকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক মা। দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস সিএনজিকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়ে সেলিনা আক্তার (৪০) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় সিএনজিচালক আফজাল হোসেন আহত হন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার টাটাকপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত সেলিনা আক্তার হাকিমপুর উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হাকিমপুর (হিলি) পৌর এলাকার পালপাড়া মহল্লার তৌহিদুর রহমান রানার স্ত্রী। আহত আফজাল হোসেন একই উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও সিএনজি চালক।
পরিবার সূত্রে জানা যায়, সেলিনা আক্তার সোমবার সকালে তার সন্তানকে নিয়ে চিরিরবন্দর উপজেলার একটি স্কুলে যান। সন্তানকে সেখানে রেখে বাড়ি ফেরার পথে বিরামপুরের টাটাকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুজন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শিক্ষক সেলিনা আক্তারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম জি