সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
জুন ১০, ২০২৬, ০৫:৩৪ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চারমাথা মোড় ও ধাপেরহাট এলাকায় জাতীয় মহাসড়কের আন্ডারপাস সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সমস্যা বিরাজ করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার আলোচনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সাদুল্লাপুরের চারমাথা মোড়ে যত্রতত্র পার্কিং, রাস্তার ওপর দোকান এবং ধাপেরহাট বাজার ও জাতীয় মহাসড়কের সংযোগস্থলে নির্মিত আন্ডারপাসটি অপরিকল্পিতভাবে নির্মাণ করায় যান চলাচলে নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে আন্ডারপাসের উভয় পাশের জায়গা থাকলেও অবৈধভাবে দখল হওয়ায় সংকীর্ণ হয়ে গেছে, এ কারণে যানবাহন প্রবেশ ও বের হওয়ার সময় প্রায়ই সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
খোঁজ নিয়ে জানা যায়, আন্ডারপাসের ভেতর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, অস্থায়ী দোকানপাট এবং বিভিন্ন ধরনের অবৈধ দখল। ফলে জাতীয় মহাসড়ক ও স্থানীয় সড়ক থেকে আসা যানবাহন একসঙ্গে চলাচল করতে গিয়ে প্রায়ই স্থবির হয়ে পড়ে পরিস্থিতি।
স্থানীয় বাসিন্দারা জানান, আন্ডারপাসের পশ্চিম পাশে চতরা সড়কের মুখে একাধিক দোকান স্থাপনের কারণে রাস্তার প্রশস্ততা কমে গেছে। এছাড়া মহাসিন মার্কেটের সামনের সড়কে ভ্যান স্ট্যান্ড, কাচারি সংলগ্ন এলাকায় অবৈধ দোকান স্থাপন করা হয়েছে। যার ফলে রাস্তা সংকীর্ণ হওয়ায় যানজটের তীব্রতা আরও বেড়েছে।
এক সময় কাচারির সামনে সিএনজি ও ভ্যান স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা থাকলেও অবৈধ দখলের কারণে তা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর মতে, চারমাথা মোড় আন্ডারপাস এলাকায় নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড স্থানান্তর করা গেলে যানজট অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। কারণ অনেক চালক নিয়ম অমান্য করে বিপরীত দিক দিয়ে আন্ডারপাস ব্যবহার করায় প্রায়ই সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি।
সংশ্লিষ্টদের মতে, ধাপেরহাট বাজার ও আশপাশের এলাকার জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান অবকাঠামো দিয়ে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় আমবাগান সড়ক পর্যন্ত আরও একটি আন্ডারপাস নির্মাণের দাবি জোরালো হচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, নতুন আন্ডারপাস নির্মিত হলে যানবাহনের চাপ বিভক্ত হবে এবং দীর্ঘমেয়াদে যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহল বলছে, ধাপেরহাট জাতীয় মহাসড়ক উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এখানে দীর্ঘস্থায়ী যানজট শুধু স্থানীয়দের নয়, দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই জনদুর্ভোগ কমাতে অবৈধ দখল উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
এএন