রেজোয়ান কবির, ঝিকরগাছা (যশোর)
জুন ১১, ২০২৬, ০৬:১৭ পিএম
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী, শিওরদাহ ও নন্দীডুমুরিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি পুরাতন খালের কালভার্টের নিচে বাঁশের পাটাতনের বাঁধ দিয়ে মাছ চাষ করায় স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
তাদের দাবি, খালের মধ্যে নির্মিত বাঁধ ও অবকাঠামোর কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিতে পারে, যা জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
স্থানীয়দের অভিযোগ, আশিংড়ী গ্রামের বাসিন্দা মোহাব্বত আলী নন্দীডুমুরিয়া মৌজা ও পার্শ্ববর্তী নাভারণ ইউনিয়নের বায়সা মৌজায় অবস্থিত আফিল ফার্ম সংলগ্ন সরকারি কালভার্টের নিচে বাঁশের পাটাতনের বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
নন্দীডুমুরিয়া ও আশিংড়ী গ্রামের একাধিক বাসিন্দা জানান, বর্ষাকালে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত না হলে তিন থেকে চারটি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়তে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়বে।
অভিযোগের বিষয়ে মোহাব্বত আলী বলেন, খাল দখল করে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে থেকেই এখানে পুকুর রয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা খালটির বর্তমান অবস্থা দ্রুত তদন্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগেই বিষয়টি পর্যালোচনা করা হলে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষি ক্ষতি এড়ানো সম্ভব হবে।
এম জি