স্পোর্টস ডেস্ক
জুন ১১, ২০২৬, ০৭:৪৮ পিএম
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নাকি অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হবে, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ নভেম্বর। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
ক্রিকইনফো জানিয়েছে, গত মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই প্রাথমিক দিন-তারিখে সম্মতি হয়েছে। তবে চূড়ান্ত সূচি জুলাইয়ে এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর প্রকাশ করা হবে।
দুই আসর পর ১০ দলের পরিবর্তে ২০২৭ সালে আবারও ১৪ দলের বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। এতে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়াবে মোট ৫৪টি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অন্তত ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ক্রিকইনফোর ধারণা।
জিম্বাবুয়েতে ৮ থেকে ১০টি ম্যাচ এবং নামিবিয়ায় ৩টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। জিম্বাবুয়ের ভেন্যুর সংখ্যাও বাড়িয়ে মূল দুটি থেকে তিনটি করা হয়েছে, যেখানে ভিক্টোরিয়া ফলসকে হারারে স্পোর্টস ক্লাব ও কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আফ্রিকায় এটি হবে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আয়োজন। এর আগে ২০০৩ সালে প্রথমবার আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ২০০৭ আইসিসি ওয়ার্ল্ড টি-২০, ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করে।
এবারের আসরে দলগুলোকে সাতটি করে দুই গ্রুপে ভাগ করা হবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উঠবে। পূর্ণ সদস্য হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে, তবে নামিবিয়াকে মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্ব পেরোতে হবে।
এম জি