আমার সংবাদ ডেস্ক
জুন ১২, ২০২৬, ০৪:০০ পিএম
খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক বাড়ির পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, তাঁদের বড় ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তাকে খুঁজতে বের হয়ে না পেয়ে বাড়ির পাশের দোকানে বসে ছিলেন রফিক। ঠিক তখনই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে তাঁকে গুলি করে। তাঁর স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার পর আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং হত্যাকাণ্ড সম্পর্কে কেউ মুখ খুলতে চাইছে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেএইচআর