আমার সংবাদ ডেস্ক
জুন ১২, ২০২৬, ০২:০৫ পিএম
সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সামনে জানালার থাই গ্লাসের দুইটি পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিক দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিয়ে যেতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। তবে তারা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে সকালে অবহিত হলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তির অনলাইনে মিথ্যা অপপ্রচার চলছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করার নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পুলিশকে জানান।
এম জি