সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
জুন ১২, ২০২৬, ০৯:৫১ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আবদুল হালিম মুন্সী স্মৃতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে মাহমুদুল হক মেম্বার স্মৃতি ফুটবল একাদশ।
নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ড. সালাউদ্দীন আলী। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ ও সদস্য সচিব মাস্টার আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মানসিক মনোবল ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনন্য ভূমিকা রাখে। একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রসারে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন ড. সালাউদ্দীন আলী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে মাদক, নৈতিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে মাঠমুখী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক শহিদুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলিফ হাসপাতালের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বাবুল, মির্জাপুর খেলোয়াড় সমিতির সভাপতি মো. ইছহাকসহ আরও অনেকে।
ফাইনাল খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেলসহ অন্যান্য পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল হাটহাজারীর মাসব্যাপী চলা এই ফুটবল মহোৎসবের।
জেএইচআর