আমার সংবাদ ডেস্ক
জুন ১২, ২০২৬, ০৭:০৮ পিএম
আসন্ন অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় নিয়ে আসা হবে এবং এজন্য সদ্য ঘোষিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।
শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। তিনি সবাইকে নিজ নিজ সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে পাঠ্যবইয়ের পাশাপাশি সন্তানদের মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করে সম্পদ হিসেবে গড়ে তোলার কথা বলেন। মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির হাত থেকে সন্তানদের রক্ষা করতে শিক্ষক এবং অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।
ব্যারিস্টার ফারজানা শারমীন আরও বলেন, এ দেশে কোনো শ্রেণী-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সদ্য ঘোষিত জনবান্ধব বাজেট জনআকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভাতার পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করা হচ্ছে।
সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও ন্যায়বিচার প্রাপ্তির সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রুত বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে। জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে এবং বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করার সুযোগ রয়েছে। ফলে দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ উদ্বোধন করেন। পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
জেএইচআর