দিনাজপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২৬, ০৪:৪৫ পিএম
দেশের উত্তরাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনাজপুর সদরের হর্টিকালচার সেন্টারের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো: রেজাউল আমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তুলা উন্নয়ন বোর্ডে জনবলের অভাব রয়েছে এবং বৈজ্ঞানিক কর্মকর্তার সংখ্যাও অনেক কম। ফলে গবেষণার কাজ ধীরগতিতে চলছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে বেশি বেশি গবেষণার প্রয়োজন, যার মাধ্যমে দেশ ও দেশের কৃষকেরা লাভবান হবেন। তিনি আরও বলেন, তুলা একটি লাভজনক ফসল হলেও এই বার্তাটি এখনো কৃষকদের মাঝে পুরোপুরি ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি।
দিনাজপুর সদর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের উপ-পরিচালক কৃষিবিদ জাফর আলীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন হাবিপ্রবির প্রফেসর কৃষিবিদ ড. সাইফুল হুদা এবং গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য কর্মকর্তা মাহফুজুর রহমান।
কৃষিবিদ শাহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম, ড. হাসানুল হক, ঠাকুরগাঁও জোন ইউনিটের কটন ইউনিট অফিসার স্বদেশ চন্দ্র রায় ও তুলা গবেষণা খামারের পেশ ইমাম ইসমাইল হোসেন। এ ছাড়া কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আকবর আলী, খলিলুজ্জামান ও কাজী মিজানুর রহমান।
দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং চাষিসহ মোট ৭৮ জন প্রতিনিধি অংশ নেন।
জেএইচআর