ঝালকাঠি প্রতিনিধি
জুন ১৩, ২০২৬, ০৬:১৯ পিএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। শনিবার সকাল থেকে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মনোহরি পণ্য আড়তে ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকেরা।
ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, বর্তমানে একজন শ্রমিক দৈনিক গড়ে প্রায় ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৫০০ টাকার মতো। বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য আয় দিয়ে পরিবার পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে।
শ্রমিকদের দাবি, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে পণ্য ওঠানোর জন্য প্রতি বস্তায় ১০ টাকা এবং ডেলিভারির সময় ১২ টাকা হারে মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিকেরা জানান, প্রায় নয় মাস ধরে তাঁরা এই দাবি জানিয়ে আসছেন। স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখলেও দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা এই ধর্মঘটে নামতে বাধ্য হয়েছেন।
ধর্মঘটের কারণে বিভিন্ন উপজেলা থেকে আসা পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রাজাপুর থেকে আসা এক পিকআপচালক জানান, সকালে ঝালকাঠিতে এসে দেখেন শ্রমিকদের ধর্মঘট চলছে। ফলে জাহাজ থেকে কোনো পণ্য খালাস বা পরিবহন করা যাচ্ছে না, এতে তাঁদের সময় ও আর্থিক ক্ষতি হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই ধর্মঘট অব্যাহত থাকলে বন্দরের কার্যক্রম আরও স্থবির হয়ে পড়বে এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। তাঁরা দ্রুত এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জেএইচআর