গাজীপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম
‘আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন’ কোনো আনুষ্ঠানিকতায় না গিয়ে এভাবেই নিজ হাতে কোদাল তুলে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরে এই কর্মসূচির সূচনা করা হয়।
শনিবার জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনসহ বন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
জেএইচআর