আমার সংবাদ ডেস্ক
জুন ১৩, ২০২৬, ০৯:৪১ পিএম
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তাঁর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে, কিন্তু আপনাদের দোয়ায় কোনো লাভ হয়নি। প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, আমি যা করব তাতে তাঁর পূর্ণ সমর্থন থাকবে। তাই আমি প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে দিয়েছি। একটি শাস্তিমূলক ব্যবস্থা সবার জন্য শিক্ষা হবে।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা একটি পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পরিকল্পনা করছি। যেখানে স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে গিয়ে প্রাথমিক সেবা দেবেন। এরপর প্রয়োজন মনে করলেই কেবল রোগীকে হাসপাতালে পাঠানো হবে। এভাবে সারা দেশে চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ করা হবে।
তিনি আরও বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তবে বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবার সেবা করতে চায়। এখন সরকারি সুবিধা পেতে কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে।
মন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যেখানে শিশু ও নারীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
জেএইচআর