স্পোর্টস ডেস্ক
জুন ১৩, ২০২৬, ০৯:২৫ পিএম
ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে সাময়িকভাবে ছিটকে গেছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার ‘ই’ গ্রুপের ম্যাচে মূল রেফারি হিসেবে তাঁর দায়িত্ব পালনের কথা ছিল। তবে চোটের কারণে তিনি এই ম্যাচ পরিচালনা করতে পারবেন না বলে নিশ্চিত করেছে ফিফা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে অলিভারের পরিবর্তে ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেজিয়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
ফিফা জানিয়েছে, অলিভার তাঁর প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে না পারলেও চোট বেশ সামান্য। ফলে আসরের পরবর্তী ম্যাচগুলোতে তাঁকে আবার মাঠে দেখা যাবে।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ড থেকে যে ছয়জন অনফিল্ড অফিসিয়াল নির্বাচিত হয়েছেন, ৪১ বছর বয়সী অলিভার তাঁদের একজন। ইংল্যান্ড থেকে তাঁর সঙ্গে মূল রেফারি হিসেবে আছেন অ্যান্থনি টেলর। এছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন গ্যারি বেসউইক, অ্যাডাম নুন, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ার্নিং। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করছেন।
২০১০ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। এর আগে কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের মধ্যকার হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
জেএইচআর