কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
জুন ২০, ২০২৬, ০৪:২৬ পিএম
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার ড্রেজিংয়ের কথা বলে তিস্তাপাড়ের মানুষের সঙ্গে প্রহসন করছে। আন্দোলন হয় তিস্তার জন্য, অথচ বাজেট চলে যায় পদ্মায়।
শনিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট তিস্তা নদীপাড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহী আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে চাই। অথচ বিশাল বাজেটেও তিস্তা মহাপরিকল্পনার কোনো সুস্পষ্ট রূপরেখা বা বরাদ্দ নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে অব্যবহৃত পড়ে থাকা অর্থ বরাদ্দ দিয়ে হলেও এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। যিনি একসময় তিস্তা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। অথচ বাজেটে কোনো অর্থ বরাদ্দ বা সুস্পষ্ট পরিকল্পনা নেই। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে হাজার হাজার মানুষ তিস্তা নদীর পানিতে দাঁড়িয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অংশ নেন।
জেএইচআর