সালথা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২০, ২০২৬, ০৬:২১ পিএম
ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) ওই গ্রামের মুকুল মোল্যার (৩৫) স্ত্রী।
স্বামী মুকুল মোল্যা জানান, তাঁরা দুজনেই একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে প্রায় চার মাস আগে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি দাবি করেন, তাঁদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। হঠাৎ কী কারণে লাইজু এমন সিদ্ধান্ত নিলেন, তা তিনি বুঝতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা লাইজু আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হওয়া এই তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএইচআর