আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)
জুন ২৪, ২০২৬, ০১:৪১ পিএম
শেরপুরের নকলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপজেলার কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কৃষকদের হাতে বীজ, সার, চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে ১,১২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এ ছাড়া ১০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১০ গ্রাম করে মরিচবীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, বালাইনাশক এবং মোট ২,৪৫০টি গাছের চারা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রত্যেককে ৫টি করে বিতরণ করা হবে।
এএন