আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত নতুন নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের ক্ষেত্রে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা পরিবর্তন হতে যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা আর পড়াশোনার পুরো সময়জুড়ে স্বয়ংক্রিয়ভাবে থাকার অনুমতি পাবেন না। বরং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাদের জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে অবস্থান বাড়াতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।
হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট নীতিমালার পর্যালোচনা শেষ করেছে। এখন এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে।
প্রস্তাবিত নিয়মে এফ ভিসাধারী শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটর, আই ভিসাধারী সাংবাদিক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চার বছরের অবস্থানসীমা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, নতুন এ নীতি বাংলাদেশ ও ভারতের মতো দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এম জি